বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২


হাফেজ নজরুল : কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ উত্তর পাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) রিয়াজুল মোস্তফা এবং এএসআই (নিঃ) মোঃ আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ হায়দরাবাদ উত্তর পাড়ায় খায়ের মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মোঃ আল আমিন (৩৪) ও মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০)-কে আটক করা হয়।

তল্লাশিকালে আল আমিনের কাছ থেকে ২ বোতল বিদেশি মদ এবং হাবু মিয়ার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আসামি খায়ের মিয়ার ঘর থেকে আরও ৬ বোতল বিদেশি মদ ও নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে মোট ৮ বোতল বিদেশি মদ (প্রায় ২.৭২৫ লিটার), ১২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৩ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন।

আটককৃতরা হলেন— ১. মোঃ আল আমিন (৩৪), পিতা: মোঃ আবু তাহের মিয়া। ২. মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০), পিতা: মৃত তবদুল হোসেন। এছাড়া পলাতক আসামি খায়ের মিয়া (৬৫), পিতা: মৃত তবদুল হোসেন। তাদের সকলের বাড়ি হায়দরাবাদ এলাকায়।

এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিনের ওপর ন্যস্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন