নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ মে) রাতে নীলফামারী জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কচুকাটা বাজার থেকে পঞ্চপুকুর বাজারগামী সড়কের পাশে একটি স্যানিটারি কারখানা এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে কচুকাটা কামারপাড়া এলাকার বাসিন্দা মো. সম্রাট আলী (২৪)কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে ১৮ পুরিয়া শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ছিল ৮০ গ্রাম। এছাড়া মাদক বিক্রির সন্দেহে তার কাছ থেকে নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৬০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নীলফামারী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
