কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন নুরুল আমিন


মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন মোহাম্মদ নুরুল আমিন , গত রোববার ২৪ মে, ২০২৬ইং তারিখে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ ১৯৭৩ এর ৭ অনুচ্ছেদ অনুসারে মোহাম্মদ নূরুল আমিনকে বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হল। তিনি যোগদানের তারিখ থেকে তিন বছর এ পদে নিযুক্ত থাকবেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ নুরুল আমিন দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রায় ১৩ বছর মেঘনা ব্যাংক পিএলসি ও এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং খাতে নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং উন্নয়নমূলক অবদানের জন্য ব্যাপক পরিচিতি অর্জন করেন দেশ প্রেমিক এ ব্যাংকার। মোহাম্মদ নুরুল আমিন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক থেকে তাকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তরের আগ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ নুরুল আমিন ১৯৭৭ সালে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের হাত ধরে ব্যাংকার জীবন শুরুকরেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা মোহাম্মদ নূরুল আমিন দেশে ও বিদেশে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংবিষয়ক সম্মানজনক ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন তিনি।

মোহাম্মদ নুরুল আমিন লক্ষ্মীপুর সদর উপজেলার মাছিমনগর গ্রামের সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মোঃ বদিউজ্জামান ওরপে ‘বদু মিয়া’ ও মাতা জয়গুন নেছা’র ৫ সন্তানের মধ্যে মোহাম্মদ নুরুল আমিন ২য়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন