ঈদের ছুটিতে আর ফেরা হলো না ঘরে, টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় মান্দার ১৩ জনসহ নিহত ১৬


এ.বি.এম. হাবিবুর রহমান, নওগাঁ : ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের কাছে ফেরার স্বপ্ন নিয়েই ঢাকা থেকে রওনা হয়েছিলেন তারা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ পথচলা। টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার ১৩ জনসহ মোট ১৬ জন নিহত হয়েছেন। একসঙ্গে এত প্রাণহানির ঘটনায় শোকের মাতম নেমে এসেছে মান্দার বিভিন্ন গ্রামে।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা যাত্রীরা ভারী রড ও ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার ভয়াবহতায় ঘটনাস্থলজুড়ে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য।

নিহতদের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের রাজেন্দ্রবাটি গ্রামের ৭ জন, মুরশিদপুর গ্রামের ৩ জন, পাকুরিয়া গ্রামের ২ জন এবং নিয়ামতপুর উপজেলার ১ জন রয়েছেন। এছাড়া রাজশাহীর তানোর উপজেলার ২ জন ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহতদের অধিকাংশই জীবিকার তাগিদে দেশের বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু বাড়ির উঠানে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাদের প্রাণ।

নিহতদের মধ্যে শনাক্ত হওয়া মান্দা উপজেলার বাসিন্দারা হলেন—রাজেন্দ্রবাটি গ্রামের সুলতান হোসেনের ছেলে তারেক রহমান, রহিম বক্সের ছেলে বাদশা, আব্দুর রশিদের ছেলে আব্দুর বারীক, শহিদুলের ছেলে রবিউল, আকবর হোসেনের ছেলে সোহাগ, সাকিমের ছেলে সাগর, মৃত জফরের ছেলে মাইনুল এবং পাকুরিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাইনুল ও সিয়াস। বাঁকি কয়েকজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। 

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিহতদের বাড়িতে শুরু হয় আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে রাজেন্দ্রবাটি, পাকুরিয়া ও আশপাশের গ্রামগুলো। ঈদের আগে এমন শোকাবহ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিহতের পরিবারে গিয়ে গভীর শোক প্রকাশ করে সম-বেদনা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন