শেখ সাজেদুল হক বোরাক, স্টাফ রিপোর্টার : মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় অটোরিকশা থামিয়ে সোমা আক্তারকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাংবাদিকরা। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের বক্তব্য অনুযায়ী, উল্লিখিত স্থানে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তাঁরা জানেন না।
প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সাধুর ব্রিজের ঢালে অটোরিকশা থামিয়ে সোমা আক্তারকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ করা হয়। সোমা আক্তার রাজৈর উপজেলার তাতিকান্দা গ্রামের হালিম মিনার মেয়ে। এ ঘটনায় কেরামত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের প্রকৃত সত্যতা জানতে সাংবাদিকরা সাধুর ব্রিজের এপার ও ওপার সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ফল ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী ও উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন তাঁরা। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, উল্লিখিত সময়ে ওই এলাকায় এমন কোনো মারধর বা ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা তাঁদের জানা নেই। সাংবাদিকরা ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ভিডিও ধারণ করে স্থানীয়দের বক্তব্যও তুলে ধরেন।
স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজনের বক্তব্যে অভিযোগের বিষয়ে ভিন্ন চিত্র উঠে এসেছে। ফলে ঘটনাটির প্রকৃত সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। অভিযোগটি সত্য নাকি মিথ্যা, তা নিশ্চিত করতে পুলিশি তদন্ত ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
