আব্দুল মজিদ, নাটোর : শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন মন্দিরে চালের ডিও এবং অন্যান্য সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ শেষে তিনি এসব সহায়তা বিতরণ করেন। এ সময় কৃষকদের মধ্যে স্প্রে মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও রশিদ চৌধুরী, যুবদল নেতা আবু রায়হান, মহিলা দলের নেত্রী আইভি আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে প্রত্যেকের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আমাদের মধ্যে ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই। দুর্গাপূজার উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য দলীয়ভাবে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সদস্যরা প্রত্যেকটি মন্দিরে দায়িত্ব পালন করবেন, যাতে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে এবং পূজারীরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন।”
নিজের নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, “ভোটের আগেও আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চাই।”
সভা শেষে মন্দিরগুলোর জন্য চালের ডিও বিতরণের পাশাপাশি কৃষকদের কৃষিকাজে সহায়তার জন্য স্প্রে মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
