আব্দুল মজিদ, নাটোর : ঈদ মানেই নাড়ির টানে ঘরে ফেরা। প্রিয়জনের মুখ দেখার আকুলতা নিয়ে লাখো মানুষ যখন মহাসড়কে ছুটে চলেন, তখন সেই যাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে নীরবে দায়িত্ব পালন করেন কিছু মানুষ। নাটোরের গুরুদাসপুর উপজেলার আত্রাই টোল প্লাজায় এবার তেমনই এক মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
কখনো বর্ষার ভেজা দুপুর আবার কখনো প্রচন্ড রোদ্দুর । আত্রাই টোল প্লাজার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন কয়েকজন বিজিবি সদস্য। কারও হাতে অস্ত্র, কারও চোখ মহাসড়কের দিকে। ক্লান্তিহীন সতর্কতায় তারা নজর রাখছেন যানবাহনের চলাচলের ওপর। উদ্দেশ্য একটাই—ঈদযাত্রায় যেন কোনো মানুষ ভোগান্তির শিকার না হন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ২১ মে ২০২৬ থেকে নাটোরের আত্রাই টোল প্লাজায় ৫৩ বিজিবির ১টি সেকশনের ১০ সদস্য মোতায়েন রয়েছে।
শুধু নিরাপত্তা নয়, স্থানীয় প্রশাসন, ট্রাফিক পুলিশ ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন, যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখা এবং যাত্রীদের দুর্ভোগ কমাতেও সক্রিয় ভূমিকা রাখছেন তারা। ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত এই রুটে যানবাহনের চাপ বাড়তে শুরু করায় তাদের উপস্থিতি সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
টোল প্লাজা এলাকায় কথা হয় কয়েকজন যাত্রীর সঙ্গে। তারা জানান, বিজিবি সদস্যদের উপস্থিতিতে যান চলাচলে শৃঙ্খলা ফিরেছে। বিশেষ করে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে তাদের তৎপরতা চোখে পড়ার মতো।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে।” তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।
মানুষ যখন পরিবারের কাছে ফিরতে ব্যস্ত, তখন তাদের সেই পথযাত্রা সহজ ও নিরাপদ করতে মহাসড়কে নিরব প্রহরীর মতো দাঁড়িয়ে আছে বিজিবি। আত্রাই টোল প্লাজার এই দৃশ্য যেন স্মরণ করিয়ে দেয়—ঈদের আনন্দ শুধু ঘরে ফেরা নয়, সেই ফেরাকে নির্বিঘ্ন করতে দায়িত্বশীল মানুষের নিরলস পরিশ্রমও এক বড় গল্প।

