আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়া উপজেলার কুঠিবাঁশবাড়ীয়া মাঠে বহুদিন ধরে কাগজে-কলমে থাকা একটি রাস্তা বাস্তবে ছিল বিলুপ্ত। স্থানীয় কিছু জমির মালিক রাস্তার জায়গা দখল করে সেখানে ফসল আবাদ করায় কৃষকদের চলাচল চরম দুর্ভোগে পড়ে। অবশেষে সেই নকশাভুক্ত রাস্তা উদ্ধার করে নিজ অর্থায়নে মাটি কেটে সংস্কার কাজ শুরু করেছেন কুঠিবাড়ি এলাকার ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম ভুলু। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় কৃষক কাজেম উদ্দিন বলেন, “অনেক মানুষেরই টাকা আছে, কিন্তু ভুলুর মতো দরদী মানুষ খুব কমই আছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি নকশায় থাকলেও বাস্তবে ছিল না। পাশের জমির মালিকরা দখল করে সেখানে ফসল করতেন। এখন সার্ভেয়ার দিয়ে মাপজোক করে ভুলু নিজ টাকায় রাস্তা উদ্ধার ও সংস্কার করছেন। এটা সত্যিই প্রশংসার দাবিদার।”
গোলাম রসুল বলেন, “কৃষকরা যাতে সহজে মাঠ থেকে ফসল বাড়িতে নিতে পারে, সেই চিন্তা থেকেই ভুলু নিজের অর্থ খরচ করে রাস্তা সংস্কার করছেন। আমরা সবাই যদি এভাবে নিজ নিজ এলাকার রাস্তা ও জনসম্পদের রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতাম, তাহলে দেশ আরও এগিয়ে যেত।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে কুঠিবাঁশবাড়ীয়া মাঠের কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। ফসল আনা-নেওয়া তো দূরের কথা, অনেক সময় হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ত। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা রাস্তা এখন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে।
উদ্যোক্তা শহিদুল ইসলাম ভুলু বলেন, “এই মাঠ দিয়ে অসংখ্য কৃষক তাদের ফসল নিয়ে ঘরে ফেরেন। নকশায় রাস্তা থাকলেও বাস্তবে তা ছিল না। তাই মানুষের সুবিধার কথা চিন্তা করে জাতীয় এই সম্পদ রক্ষায় নিজ অর্থায়নে মাটি কেটে রাস্তা সংস্কার করছি।”
রাস্তার পাশের জমির মালিক জাহান নামের এক ব্যক্তি বলেন, “এতদিন ভুল করে আমরা রাস্তার জায়গায় ফসল করেছি। এখন রাস্তা সংস্কার হওয়ায় ভালোই হচ্ছে। এতে চলাচলের সুবিধা হবে, পাশাপাশি জমির দামও বাড়বে।”
এলাকাবাসী বলছেন, ব্যক্তি উদ্যোগে শুরু হওয়া এই মানবিক কাজ সরকারি সহায়তা পেলে পুরো এলাকার কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তারা দ্রুত সরকারি উদ্যোগে পুরো রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, সমাজে এখনও এমন কিছু মানুষ আছেন, যারা ব্যক্তিস্বার্থের বাইরে গিয়ে জনস্বার্থে কাজ করেন। শহিদুল ইসলাম ভুলুর এই উদ্যোগ শুধু একটি রাস্তা সংস্কারের গল্প নয়, বরং এটি সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
