অসহায় শিশু সিয়ামের মুখে হাসি: ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :

বাবা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এই অবস্থায় হাল ধরতে বাধ্য হয়েছিল ১২ বছরের ছোট্ট শিশু সিয়াম। কিন্তু গত শনিবার এক নির্মম প্রতারণার শিকার হয় সে। ঠান্ডা পানি খাওয়ানোর নাম করে এক প্রতারক চক্র সিয়ামের একমাত্র আয়ের উৎস ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। অবশেষে সেই ছিনতাই হওয়া ইজিবাইকটি যশোরের চৌগাছা থেকে উদ্ধার করে পুলিশ। 

​আজ বুধবার (২৭ মে) দুপুরে সিয়ামের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে উদ্ধার হওয়া ইজিবাইকটির চাবি তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মো: মাহফুজ আফজাল।

​ইজিবাইকটি হস্তান্তরের পাশাপাশি আজ সিয়ামের পরিবারের মুখে আরও কিছু বাড়তি আনন্দ এনে দেয় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুনাকের পক্ষ থেকে অসহায় এই পরিবারটির হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন পুনাক সভানেত্রী মোসফিকা মাহফুজ।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মো: জেল্লাল হোসেন।

এ সময় পুলিশ সুপার মো: মাহফুজ আফজাল  বলেন আমরা সিয়ামের বাবার চিকিৎসার ব্যাপারে কীভাবে কী করা যায়, জেলা পুলিশের পক্ষ থেকে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব এ ব্যাপারে আইনমন্ত্রীর সাথেও কথা বলা হয়েছে। একই সাথে পরিবারটির স্থায়ী আয়ের ব্যাপারে কোনো বিকল্প ব্যবস্থা করে দেওয়া যায় কিনা সেটিও আমাদের বিবেচনায় রয়েছে।

​আর সিয়াম যাতে এই বয়সে  ঝুঁকিপূর্ণ ইজিবাইক বা অটো না চালায়  সেই ব্যাপারে তার পরিবারকে তাগিদ দেন পুলিশ সুপার। একই সাথে উদ্ধার হওয়া ইজিবাইকটি নিজে না চালিয়ে কোনো বিশ্বস্ত চালকের কাছে দৈনিক ভিত্তিতে ভাড়া দেওয়ার অনুরোধ করেন।

​উল্লেখ্য, ঝিনাইদহের পাগলাকানাই এলাকার জাকির হোসেনের ছেলে সিয়াম। গত তিন মাস আগে তার বাবা স্ট্রোক করায় ১২ বছর বয়সেই তাকে সংসারের দায়িত্ব নিতে হয়েছিল। গত শনিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনতা মোড়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে ইজিবাইকটি হারিয়ে সে দিশেহারা হয়ে পড়েছিল যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পুলিশের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে সিয়ামের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে স্বস্তির দেখা মিলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন