নাগরপুরে ইউএনও-এসিল্যান্ডের যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর যমুনা নদী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক।

অভিযানে অবৈধভাবে বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে দপ্তিয়র ইউনিয়নের জালাই এলাকার মো. বাদল হোসেন (পিতা- মো. মাইনউদ্দিন শেখ)-কে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।


এছাড়া একই দিনে দপ্তিয়র এলাকায় পৃথক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভূগোলহাট এলাকার মো. আমির হোসেনের ছেলে লিটনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে উপজেলার ভাদ্রা বাজার এলাকায় সড়ক পরিবহন সংরক্ষণ আইন, ২০১৮-এর ৪ ও ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে টেংরীপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে মো. সজীব খানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন