পাওনা টাকার জন্য কৃষককে আটকে রেখে নির্যাতন


হাফেজ নজরুল : কুমিল্লার মুরাদনগর উপজেলার চৌমুহনী বাজারে পাওনা টাকার জন্য ফজলু মিয়া (৬৫) নামের এক কৃষককে বদ্ধ দোকান ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভুক্তভোগী কৃষককে উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। 

চাঞ্চল্যকর এই ঘটনায় নির্যাতনকারী গোলাম মোস্তফাকে আটক করা হয়েছে।  

জানা যায়, মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল গ্রামের আবুল কাশেমের ছেলে মোস্তফা কামাল ও তার ছেলে এনামুল পাওনা টাকা আদায়ের জন্য লক্ষীপুর গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক ফজলু মিয়াকে ধরে নিয়ে আসে। একপর্যায়ে ফজলু মিয়াকে নহল চৌমুহনী বাজারের একটি বদ্ধ দোকান ঘরে তালাবদ্ধ করে আটকে রাখে। বুধবার দুপুরে জৈনিক ব্যাক্তি বদ্ধ দোকান ঘরটির পাশে গেলে ভেতর থেকে চিৎকার শুনতে পেয়ে স্থানীয়দের জানালে সাথে সাথে তারা পুলিশে খবর দেন।

 খবর পেয়ে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে বদ্ধ দোকান ঘর থেকে বন্দী কৃষককে উদ্ধার করেন।

এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন