রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, শিপন পাটওয়ারী :
লক্ষ্মীপুরের রায়পুরে মেইন রোডে অবস্থিত রূপালী ইলেকট্রনিক্সের ৫ তলা ভবনে গতকাল বুধবার বিকেল প্রায় ৫টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রায়পুর ফায়ার সার্ভিস ও রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ,রায়পুরের ব্যবসায়ী, পুলিশ, মিডিয়া কর্মী এবং সাধারণ জনগণের সহযোগিতায় উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সমন্বিতভাবে কাজ করে দীর্ঘ প্রায় ৫ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সেসময় অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালে প্রচণ্ড ধোঁয়া ও তীব্র গরমের কারণে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের কয়েকজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এসময় প্রধান সড়কের দুপাশে যানচলাচল বন্ধ হয়ে পড়ে এবং গাড়ির দীর্ঘ লাইনে কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি বলে ফায়ার সার্ভিসের বরাত জানানো হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিদিষ্ট করে কোন কিছু জানানো হয়নি,তবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে এমনটা হতে পারে।
ফায়ার সার্ভিসের সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের সার্বিক সহযোগিতার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কমিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এ ঘটনায় রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মানবিক সেবায় নিয়োজিত সকল স্বেচ্ছাসেবকের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, দীর্ঘ প্রায় ৫ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি- তদন্ত শেষে সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণ জানানো হবে।
