- অটোরিকশা উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংস হত্যার স্বীকারোক্তি
হাফেজ নজরুল : কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় অটোরিকশা চালক মাহাবুব আলম ওরফে মাসুম (৩২) হত্যা মামলার মাত্র ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো— দাউদকান্দি থানার দক্ষিণ টিলী গ্রামের নাঈম ইসলাম (২৩) এবং বাঙ্গরা বাজার থানার হিরাপুর/গকুলনগর গ্রামের আরমান সরকার (২০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুন বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন মাসুম। রাতে স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা বলার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ২০ জুন সকালে পরিবারের পক্ষ থেকে মুরাদনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
একই দিন সকালে বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ী গ্রামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে গুরুতর জখম ও বিকৃত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা সেটি মাসুমের বলে শনাক্ত করেন।
ঘটনার পরপরই জেলা পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন অটোরিকশা বিক্রির সময় নাঈম ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে সে ও তার সহযোগী আরমান মিলে চালক মাসুমকে হত্যা করে।
তার দেওয়া তথ্য অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং অপর আসামি আরমান সরকারকেও গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়দের মতে, দ্রুত সময়ের মধ্যে ক্লুলেস এই মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে পুলিশের দক্ষতা জনমনে আস্থা বাড়িয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
