নারীদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে নারায়ণগঞ্জ সফরে স্বাস্থ্য মন্ত্রী
এসএম মিরাজ হোসাইন টিপুঃ
নারীদের চিকিৎসায় সরকার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আইসিইউ সেবা উদ্বোধনে এসে তিনি বলেন, হাসপাতাল দুটি দেড় হাজার শয্যা বিশিষ্ট হওয়ার পাশাপাশি, কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যানসার চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, প্রসূতি ও মাতৃসেবা সহ সাধারণ চিকিৎসা সুবিধাও থাকবে।
রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ দেশের ১০টি জেলার সরকারি হাসপাতালে নতুন নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ইউনিট উদ্বোধনকালে তিনি এসব তথ্য নিশ্চিত করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আরোও ৯টি জেলা সদর হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনার আওতায় সারা দেশে মোট ২০টি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। নারীদের জন্য দুটি বাদে অন্য ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যাবিশিষ্ট ও আধুনিক চিকিৎসাকেন্দ্র।
তিনি আরোও জানান, জরুরি স্বাস্থ্যসেবা জোরদারে প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে। গুরুতর রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরের জন্য চারটি হেলিকপ্টার সংযুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে রোগীদের দ্রুত সদর হাসপাতাল বা ঢাকার বিশেষায়িত হাসপাতালে নেওয়া সম্ভব হবে।
এসময় বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। যার মধ্যে পূর্বাচলে ১৬০ একর জমির ওপর একটি সৃজনশীলতা ও দক্ষতা উন্নয়নকেন্দ্র প্রতিষ্ঠা করে সেখানে শীতলপাটি, নকশিকাঁথা, টেরাকোটা, তালপাতার পণ্যসহ বিভিন্ন কুটির শিল্পের প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে। চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের যথাসম্ভব নিজ নিজ জেলাতে সুচিকিৎসা নিশ্চিত করে অপ্রয়োজনীয় রেফারেল কমিয়ে আনতে হবে। তাছাড়া রোগী স্থানান্তরের সময় অনেক ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায়।
তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যেই নতুন আইসিইউ ইউনিটগুলোতে শ্বাসকষ্টজনিত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সিপ্যাপ, বাইপ্যাপ এবং হাই-ফ্লো নেজাল ক্যানুলা সরবরাহ করা হবে।
উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান প্রমুখ।
