সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা মহিলাদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেল ৪ টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা মহিলাদলের সভাপতি অধ্যক্ষ কামরুন নাহার লিজি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আবু বক্কর বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা নারী নেতৃত্বের বিকাশ ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে জেলা পরিষদ চত্বর নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।
