বাগাতিপাড়ায় ত্রিমুখী সংঘর্ষে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা গুরুতর আহত


দয়ারাপুর ইউপি প্রশাসক আশিক এস বি সাত্তারের ডান পায়ের দুই স্থানে ভাঙন, রামেকে ভর্তি; অবৈধ যান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি

আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় মালামালবোঝাই স্যালো ইঞ্জিনচালিত ভটভটি, একটি ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এবং দয়ারাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশিক এস বি সাত্তার গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়ন্তীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও দয়ারাপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, দাপ্তরিক কার্যক্রম শেষে আশিক এস বি সাত্তার মোটরসাইকেলে করে উপজেলা পরিষদে ফিরছিলেন। জয়ন্তীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তার মোটরসাইকেলের সঙ্গে একটি মালামালবোঝাই স্যালো ইঞ্জিনচালিত ভটভটি ও একটি ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা সমবায় কর্মকর্তা ফয়জুল কবীর তিতাস জানান, দ্রুতগতিতে চলা একটি মালামালবোঝাই ভটভটিকে পেছন থেকে একটি ইজিবাইক ওভারটেক করার চেষ্টা করলে সামনে থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল চালক আশিক এস বি সাত্তার ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের অফিস সহকারী শাহাদাত হোসেনও আহত হন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও আশিক এস বি সাত্তারের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, আশিক এস বি সাত্তারের ডান পায়ের দুই স্থানে হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন হওয়ায় তাকে রামেকে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, "ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এদিকে নিরাপদ সড়ক চাই (নিসচা) নাটোর জেলা কমিটির সভাপতি গোলাম মস্তোফা বলেন, "পথচারী ও যানবাহন চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হলেও অনেক চালকের বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্যের কারণে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে ইঞ্জিনচালিত ভটভটি ও ইজিবাইক চালকদের অনিয়ম সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এ বিষয়ে প্রশাসনের কার্যকর আইনগত পদক্ষেপের পাশাপাশি চালক ও পথচারী—উভয়ের জন্য নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।"

স্থানীয়দের অভিযোগ, অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই এ সড়কে দুর্ঘটনা বাড়ছে। তারা অটোভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভটভটি চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিয়মিত অভিযান পরিচালনা এবং ট্রাফিক আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন