পুরস্কৃত হলেন বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান

নাটোর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের হাত থেকে নগদ অর্থ পুরস্কার গ্রহণ করছেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামিকে দ্রুত গ্রেফতার করায় পুলিশ সুপারের স্বীকৃতি

আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের গুচ্ছগ্রামে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামিকে দ্রুত গ্রেফতার করে প্রশংসনীয় ভূমিকা রাখায় বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান পুলিশ সুপারের কাছ থেকে নগদ অর্থ পুরস্কার লাভ করেছেন।

রোববার (১৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় নাটোর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ওসি আব্দুল হান্নানের হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, জামনগর ইউনিয়নের গুচ্ছগ্রামে সংঘটিত আলোচিত গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে ওসি আব্দুল হান্নান নিজেই অভিযান পরিচালনার উদ্যোগ নেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মামলার দুই আসামিকে অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়। মামলার গুরুত্ব ও অভিযানের সফলতা বিবেচনায় জেলা পুলিশ এ অবদানকে বিশেষভাবে মূল্যায়ন করে।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি আব্দুল হান্নান বলেন, "এ পুরস্কার আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি পুরো থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাব।"

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, দায়িত্বশীলতা, সাহসিকতা এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে আলোচিত মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান ও ডিবি ওসি নজরুল ইসলাম সহ কয়েকজন অফিসারকে সম্মাননা প্রদান করা হয়েছে। পুলিশের এমন তৎপরতা অপরাধ দমনে ইতিবাচক বার্তা বহন করবে বলেও তারা আশা প্রকাশ করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন