হাফেজ নজরুল, মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৬ টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানেপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ মোতালেব হোসেন (৩৭) রামচন্দ্রপুর আড়ালিয়াকান্দির মৃত আব্দুল কুদ্দুছের ছেলে এবং মোঃ জিলানী (২৬) রামচন্দ্রপুর খানেপাড়ার গনি মিয়ার ছেলে।
বাঙ্গরা বাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নাজিম উদ্দিন সংগীয় ফোর্স‘সহ রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে মোঃ মোতালেব হোসেন ও মোঃ জিলানীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। তিনি সচেতন নাগরিকদের মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
