সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ ফজলুর'কে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফজলুর রহমান নামে এক বৃদ্ধকে মারধরের পর মৃত্যুর ঘটনায় বিএনপি নেতা শামসুদ্দিন ও তার ভাতিজা নোবেল সহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ জুলাই) নিহত ফজলুর রহমানের মেয়ে ফারজানা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গোদনাইল ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ সামছুদ্দিন ও তার ভাতিজা নোবেলসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরোও দুই তিন জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারভুক্ত অন্য আসামীরা হলেন রবিন, মিলন ও অনন্ত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রাতে নাসিক ৮নং ওয়ার্ডের সৈয়দপাড়া এলাকায় একটি মেয়েকে কয়েকজন মিলে অন্যায়ভাবে মারধর করছিলো। এসময় ফজলুর তাদের বাধা দিয়ে মারধরের কারণ জানতে চাইলে আসামিরা তার ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই সকালে তিনি মারা যান। নিহত ফজলুর স্বজনদের অভিযোগ, হামলার আঘাতেই ফজলুর মৃত্যু হয়েছে।
এঘটনায় পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠালে, ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করে পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
দায়েরকৃত হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান জানান, বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরোও ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।
