নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মরহুম আব্দুল খালেক মাস্টারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক অসচ্ছল রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
বুধবার বেখৈরহাটি বাজারের জুবায়দা ম্যানশনে মরহুম আব্দুল খালেক মাস্টারের পরিবারের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে চলা এ ক্যাম্পে চোখ, দাঁত, মেডিসিন ও শিশু রোগ বিষয়ে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেন। সেবাগ্রহীতাদের মধ্যে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্ক রোগীরাও ছিলেন। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
আয়োজক নুরুননবী মোহাম্মদ টিপু বলেন, “সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এলাকার অসচ্ছল মানুষের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে।”
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আমেনা রহমান রিমু, বিসিএস (স্বাস্থ্য), সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় অনেক নিম্নআয়ের মানুষ উপকৃত হয়েছেন।

