ঢাকা নদীবন্দর সদরঘাটে ২ পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের ১ কর্মী নিহত


মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : ঢাকা নদীবন্দর সদরঘাট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মিতুল (২০) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলায় উক্ত ঘটনা ঘটে। ঘটনার পর পর স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করে। সূত্রাপুর থানার এসআই শুভ বাড়ৈ জানান, পূর্বের একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হলে এতে মিতুল নিহত হয়। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। 

সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান জানান, নিহত মিতুল কোন দলের সঙ্গে যুক্ত, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় মিতুলের মৃত্যু হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মিতুলের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন