সুলতান আল এনাম , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর বিএডিসি কৃষি খামারে নির্মাণাধীন আরসিসি (RCC) ঢালাই সড়কের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নিম্নমানের ইট, বালু, সিমেন্ট ও পাথর ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারের প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স এমআরপি ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। অভিযোগ রয়েছে, প্রকল্পের নির্ধারিত মান অনুসরণ না করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে ২ ও ৩ নম্বর মানের ইট প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের ভাষ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার অবহিত করা হলেও দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা তৈরি হয়েছে। অনেকেই অনিয়মের প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজে ব্যবহৃত কিছু ইটের মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। কাজের গুণগত মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আশরাফ ইসলাম বলেন, আমরা প্রকল্পের ইস্টিমেট অনুযায়ী কাজ করছি। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। বর্তমানে দেশে ভালো মানের পাথরের কিছু সংকট রয়েছে। তবে নির্ধারিত মান বজায় রেখেই কাজ করা হচ্ছে।
এ বিষয়ে বিএডিসির প্রকৌশলী মো. মামুন হোসেন বলেন, আমি কাজের স্থানে গিয়ে ইস্টিমেট অনুযায়ী কাজ করার নির্দেশনা দিয়েছি। তদন্তে যদি কোনো অনিয়ম বা নিম্নমানের কাজের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়রা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নির্মাণসামগ্রীর মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, জনগণের করের টাকায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা উচিত নয়। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
