ডেমরায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে অনুমোদনহীন কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা

ডেমরায় ডিএমপির নির্বাহী  ম্যাজিস্ট্রেটের অভিযানে অনুমোদনহীন কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা 



এসএম মিরাজ হোসেন টিপুঃ

রাজধানী ঢাকার অন্যতম ডেমরা ৬৯নং ওয়ার্ডের মিরপাড়া-নড়াইবাগ ঈদগাহ সংলগ্ন এলাকায় রাজউকের অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র সহ প্রয়োজনীয় সকল প্রকার কাগজপত্র বিহীন পরিচালিত একটি পিভিসি বোর্ড কারখানায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেডকোয়াটারের নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২.৩০ ঘটিকার সময় ডিএমপি হেডকোয়ার্টার এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান এর নেতৃত্বাধীন ডিএমপি পুলিশ ও ডেমরা থানা পুলিশের যৌথ অংশগ্রহণে একটি অভিযানকারী দল অভিযান পরিচালনা করে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  

সরেজমিনে অভিযান পরিচালনা কালীন সময়ে দেখা যায় ইজি জিপসাম পাউডার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানাটির প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র, স্থানীয় সিটি কর্পোরেশন কর্তৃক ট্রেড  লাইসেন্স সহ কারখানার স্থাপনা নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদনসহ কোনো রকম প্রয়োজনীয় কাগজপত্র না-থাকায় তাৎক্ষণিক প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সকল প্রকার কার্যক্রম বন্ধ করেন এবং অনুমোদনহীন কারখানা পরিচালনার দায়ে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করেন। অভিযানকালে কারখানাটিতে ইউপিভিসি বোর্ডসহ জিপসাম বোর্ডের বিভিন্ন পণ্য উৎপাদনের কার্যক্রম চলতে দেখা যায়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, কারখানাটির পরিবেশগত ছাড়পত্র গত একবছর পূর্বেই বাতিল করে পরিবেশ অধিদপ্তর এবং রাজউকের অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালনা করা হচ্ছিলো। আইন অনুযায়ী কারখানাটির সকল প্রকার উৎপাদন কার্যক্রম বন্ধের পাশাপাশি নগদ ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  

এসময় কারখানার এক কর্মকর্তা কর্তৃক প্রদর্শনকৃত একটি নোটিশে দেখাযায়, রাজউকের জোন-৬/২ এর কার্যালয় থেকে উক্ত ইজি জিপসাম পাউডার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানজীর রায়হানকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রাজউকের দেওয়া উক্ত নোটিশে বলা হয়েছে যে, উল্লেখিত এলাকায় কোনো প্রকার অনুমোদন ছাড়াই একতলা সেমিপাকা টিনশেড স্থাপনা নির্মাণ করে বাণিজ্যিক উদ্দেশ্যে শিল্প কার্যক্রম পরিচালনা করার পূর্বে  রাজউককে নির্ধারিত ফরমে অবহিত করা হয়নি এবং নির্মাণকাজের ক্ষেত্রেও রাজউকের অনুমোদন নেওয়া হয়নি। নোটিশে আরও বলা হয়েছে যে, নির্মাণ আইন, ১৯৫২ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৫-এর বিধান লঙ্ঘন করে সংশ্লিষ্ট প্লট/হোল্ডিংয়ে নির্মাণকাজ করা হয়েছে। 

এ অবস্থায় অনুমোদন ছাড়া নির্মাণ করা স্থাপনাকে অবৈধ ঘোষণা করে ভেঙ্গে অপসারণের নির্দেশ কেনো দেওয়া হবেনা এবং ইমারতের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেনো গ্রহণ করা হবেনা, তা-জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য যে, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে রাজউক। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

এছাড়াও ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই নির্মাণাধীন স্থাপনার সব ধরনের নির্মাণকাজ, বসবাস কিংবা যেকোনো ধরনের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে রাজউক। রাজউকের নথি অনুযায়ী, গত ৩ এপ্রিল ২০২৬ তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছিলো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন