নারায়ণগঞ্জে র্যাবের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন গ্রেফতার
এসএম মিরাজ হোসাইন টিপুঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযান পরিচালনাকারী দল রূপগঞ্জ থানার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত অভিযানে মোঃ ইয়াছিন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃত ইয়াছিন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের কামাল মিয়ার ছেলে বলে জানা গেছে।
র্যাব-১১ আরোও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নিজেকে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিলো।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
