ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ আগুন: পুড়ে ছাই ১২ দোকান, ক্ষতি ৮ কোটি টাকা


ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি : ​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহেবাবাদ দক্ষিণ  বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা।

 শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জ্বালানি তেল, গ্যাস সিলিন্ডার, নির্মান সামগ্রী টিনের দোকান, সেলুন ও স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। এতে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​খবর পেয়ে বুড়িচং ও কুমিল্লার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

​এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

​ঘটনাস্থল পরিদর্শন করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এই দুর্ঘটনায় ১০-১২টি দোকান পুড়ে যাওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন