আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ ও আসবাবপত্র সংকট, শিক্ষক স্বল্পতা এবং অবকাঠামোগত নানা সমস্যায় ব্যাহত হচ্ছে পাঠদান। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় বারান্দায় টিনের ছাপড়া তৈরি করে চলছে পাঠদান। অন্যদিকে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে কোমলমতি শিক্ষার্থীরা। দ্রুত একটি নতুন ভবন নির্মাণ ও সীমানাপ্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তাইজুল ইসলাম টেনু জানান, বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন পাঁচজন। পর্যাপ্ত ভবন ও শ্রেণিকক্ষ না থাকায় দুই শিফটে পাঠদান পরিচালনা করতে হচ্ছে। শ্রেণিকক্ষের সংকট মেটাতে বিদ্যালয়ের বারান্দায় টিনের ছাপড়া তৈরি করে সেখানে ক্লাস নিতে হচ্ছে। এমনকি শিক্ষকদের বসার ও দাপ্তরিক কাজ পরিচালনার জন্যও পর্যাপ্ত কক্ষ নেই।
তিনি বলেন, বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ করা হলে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার আগ্রহ বাড়বে এবং পাঠদানের পরিবেশ উন্নত হবে। এতে শিক্ষার মান বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়টি একটি খোলা মাঠের মধ্যে অবস্থিত। সীমানাপ্রাচীর না থাকায় ছোট শিশুরা অনেক সময় টয়লেটে না গিয়ে মাঠের দিকে চলে যায়। এতে শিয়াল-কুকুরসহ বিভিন্ন প্রাণী কিংবা অসাধু মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিপূর্বে বিদ্যালয়ের এক ছোট ছাত্রী বাইরে গেলে ছাগল চরাতে আসা এক ব্যক্তি তাকে বিরক্ত করার ঘটনাও ঘটেছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা সব সময় নিরাপত্তাঝুঁকির মধ্যে রয়েছেন।
তিনি আরও জানান, বিদ্যালয়টির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণের যথেষ্ট জায়গা ও পরিবেশ রয়েছে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত একটি নতুন ভবন নির্মাণের পাশাপাশি সীমানাপ্রাচীর নির্মাণ করা অত্যন্ত জরুরি।
স্থানীয় বিএনপি নেতা ও অভিভাবক হারুন আলী বলেন, বিদ্যালয়ে বেঞ্চ ও শ্রেণিকক্ষের সংকট দীর্ঘদিনের। এসব সমস্যার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। শিশুদের সুন্দর ও নিরাপদ পরিবেশে লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে দ্রুত শ্রেণিকক্ষের সংকট নিরসন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি জানান তিনি।
শংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষক ও অভিভাবকরা বলছেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট দূর করা জরুরি। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন ও সীমানাপ্রাচীর নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
