নিজস্ব প্রতিবেদক, টঙ্গী:
টঙ্গীর আলোচিত জাভান হোটেল নিয়ে সংবাদ প্রকাশের পর আনন্দ টিভির গাজীপুর প্রতিনিধি সাংবাদিক শাকিলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জাভান হোটেলে মদের আড্ডা বসানো এবং নারীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ চালানো হয়—এমন অভিযোগ তুলে ধরেন সাংবাদিক শাকিল। সংবাদ প্রচারের পর থেকেই একটি কুচক্রী মহল তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সাংবাদিক শাকিল বলেন, “আমি শুধুমাত্র তথ্য-উপাত্তের ভিত্তিতে সংবাদ করেছি। স্থানীয়দের অভিযোগ ও বাস্তব পরিস্থিতি সংবাদে তুলে ধরেছি। অথচ এখন আমাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে, যা সাংবাদিকতার স্বাধীনতার জন্য হুমকি।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই হোটেলটির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শোনা গেলেও ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। সাংবাদিকের সাহসী প্রতিবেদনের পর এখন উল্টো তাকে টার্গেট করা হচ্ছে, যা দুঃখজনক।
সচেতন মহল মনে করছে, অপপ্রচারের মাধ্যমে একজন সাংবাদিককে চাপের মধ্যে ফেলার চেষ্টা হচ্ছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
হোটেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
Tags
গাজীপুর
