মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : এনসিপি (রাজনৈতিক দলের) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় রাজনীতির চেয়ে নিজ নির্বাচনি এলাকার দিকে বেশি মনোযোগী হয়েছেন। দেবিদ্বার উপজেলার মানুষের মাঝে গণজাগরণ সৃষ্টির চেষ্টা করছেন তিনি। চালিয়ে যাচ্ছেন গণসংযোগ ও উঠান বৈঠক। আগামী নির্বাচন ঘিরে তরুণ এ নেতার উঠান বৈঠকে দলে দলে লোকজন উপস্থিত হচ্ছেন।
জানা যায়, হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রতিটি অঞ্চলে গিয়ে উঠান বৈঠক করে লোকজনকে সচেতন করার চেষ্টা করছেন। স্থানীয় এনসিপির উদ্যোগে প্রতিটি উঠান বৈঠকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিত লক্ষনীয়। দিন যত যাচ্ছে বৈঠক রাজনীতি আরও জমে উঠছে। এ উদ্যোগকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে চান তরুণ এ রাজনৈতিক নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাত আবদুল্লাহ নিজের পক্ষে কথা বলার চেয়ে মানুষকে সচেতন করার কথা বেশি বলছেন। মানুষকে ভোটাধিকার বিষয়ে সচেতন করার চেষ্টা করছেন তিনি।
এনসিপির দেবিদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মো: কবির বলেন, হাসনাত আবদুল্লাহর গণসংযোগ ও উঠান রাজনীতি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে এবং জনগণ তার কথা শুনছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষ আমাকে ভোট দিক আর না দিক, আমি চাই মানুষ যেন সচেতন হয়। নিজের ভোটাধিকার সম্পর্কে মানুষ যেন যত্নশীল হয়। একশ্রেণির বাটপার আমাদের এলাকার সরলমনা মানুষদের ধোঁকা দিয়ে তাদের মূল্যবান ভোট লুটে নেয়। তারপর জনগণের ওপর খবরদারি চাঁদাবাজি সন্ত্রাসী করে। রাজনীতির আড়ালে এসব মুখোশধারীদেরকে চিনিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। জনগণ সচেতন হলেই রাজনীতি থেকে দুর্বৃত্ত প্ররতারক ও বাটপার সন্ত্রাসী এবং দুর্নীতিবাজরা বিদায় নেবে।
ইধানিং উপদেষ্টাদের অনেকে দুর্নীতিতে জড়িয়েছেন বটে। গত শনিবার রাতে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, ‘অনেক আশা-ভরসা নিয়ে দেশটা সংস্কার করতে বলেছিলাম। কিন্তু উপদেষ্টাদের অনেকেই দুর্নীতি করছেন। নিজের পরিবারের মানুষদের দুর্নীতিতে জড়িয়েছেন। আমাদের এক উপদেষ্টা- তার ধরার কথা আসামি; কিন্তু তিনি করছেন প্রতিবাদ। জনগণ প্রতিবাদ জানায়, তীব্র নিন্দা জ্ঞাপন ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের গ্যাঁড়াকলে উপদেষ্টারা আটকে গেছেন।’
তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন, নিজেদের স্বার্থ নিশ্চিত করতে যেমন-তেমন একটি নির্বাচন দিয়ে পালিয়ে যাবেন, ছাত্র-জনতা কিন্তু আপনাদের মাফ করবে না। আমরা মরে যাইনি। যে কাজের জন্য আপনাদের আনা হয়েছে, সেই কাজ করুন।’
দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও এহতেশাম হক, দেবিদ্বার উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
