ফারুক মিয়াঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাকড়াগ্রামে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রতিবন্ধী মুখলেস মন্ডল এর মেয়ে মুসলিমা বেগম (২০) বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে মুসলিমা বেগমের সঙ্গে ইসলামী শরীয়ত ও রেজিস্ট্রি কাবিননামা মোতাবেক বিবাহ হয় নজরুল ইসলামের ছেলে মো. ইমানুর রহমান (২৩) এর সাথে। বিবাহের সময় মুসলিমার পরিবার সংসার সাজানোর জন্য আসবাবপত্র, গহনা এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা দেন। বর্তমানে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা।
অভিযোগে বলা হয়, বিবাহের পর থেকেই স্বামী ইমানুর রহমানসহ শ্বশুরবাড়ির সদস্যরা যৌতুকের দাবিতে তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এক পর্যায়ে তারা ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় একাধিকবার মারধরের শিকার হন তিনি। সর্বশেষ গত ১ আগস্ট সকাল ১০টার দিকে স্বামী ও শ্বশুরবাড়ির অন্যরা তাকে মারধর করে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বাবার বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, স্বামী ইমানুর রহমান দ্বিতীয় বিয়ের হুমকিও দিচ্ছেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
