টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর মহানগরের টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা শাখা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব চেরাগআলীস্থ জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, জামায়াত নেতা মো. আমিনুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক মো. আবু রায়হান। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম. এ. হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, অর্থ সম্পাদক মো. হাসান মামুন, গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, সাংবাদিক মো. বশির আলম, মো. আল-আমিন হোসেন, মো. রবিউল প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমীর নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশের বৈধ নাগরিক জামায়াতের সদস্য হতে পারেন। ১৫ বছর আগে আমাদের কোনো অফিস ছিল না, মসজিদ বা বাসায় বসে আলোচনা করতাম। সাংবাদিক ও শিক্ষক সমাজ দেশে অবহেলিত অবস্থায় রয়েছে।” তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক, ওলামা, মহিলা ও অমুসলিম শাখার কমিটি রয়েছে। পদ-পদবীর প্রচার তারা আদর্শিক কারণে করেন না এবং গোপন ব্যালটের মাধ্যমে এমপি প্রার্থী নির্বাচন করা হয়।
তিনি আরও বলেন, “মাজার ভাঙচুরের বিপক্ষে জামায়াত সবসময় অবস্থান নিয়েছে। রাজনৈতিক ফায়দা লুটতে অন্যরা এ ধরনের কাজ করে। পিআর (Proportional Representation) নির্বাচনী ব্যবস্থা চালু হলে ফ্যাসিস্ট শক্তির উত্থান হবে না এবং কালো টাকার ছড়াছড়িও রোধ হবে। বিশ্বের ৯১টি দেশে এ পদ্ধতি কার্যকর হয়েছে। বর্তমানে ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল এ ব্যবস্থার পক্ষে।”
আলোচনায় বক্তারা বলেন, সংবাদপত্র ও গণমাধ্যম সমাজের দর্পণ। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সত্য উদ্ভাসিত হয় এবং অপতৎপরতা প্রতিরোধ করা সম্ভব হয়। সাংবাদিক নেতৃবৃন্দ অপ-সাংবাদিকতা প্রতিরোধে জামায়াত নেতাদের সহযোগিতা কামনা করেন। অপরদিকে জামায়াত নেতারা সাংবাদিকদের গঠনমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
