ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই যুবক আটক


আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) :

দিনাজপুরের ফুলবাড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবনগর ইউনিয়নের চককবির গ্রামের তিলাই নদীর সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. বুলু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মোটরসাইকেলযোগে রাত্রীকালীন টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশে মোবাইল-৯১ নাইট ডিউটি পার্টির সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন চককবির উত্তরপাড়া গ্রামের মো. নয়ন (২৩) এবং একই গ্রামের মো. রফিকুল ইসলাম ওরফে আসাদুল ইসলাম (২৫)। তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার হাজার টাকা।

পুলিশ জানায়, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুজনকে জেল হাজতে আটক রাখার আবেদন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন