নিজস্ব প্রতিনিধি (দেওয়ানগঞ্জ) : জামালপুরের দেওয়ানগঞ্জে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মানববন্ধন করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া বাজার। এখানেই কাচামালের ব্যবসা করেন মোঃ আব্দুর রেজ্জাক। অভিযোগ অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত শত্রুতার জেরে প্রতিপক্ষ দুই ব্যক্তি বাজারের মধ্যে তার ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, মোঃ আনিছুর এবং মোঃ ভিক্কু আলী দোকানের সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি লাথি ও জুতা দিয়ে আঘাত করে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
ঘটনার পর আহত ব্যবসায়ী চিকিৎসা গ্রহণ করেন এবং পরে দোকানের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তিনি এবং স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত বিচারের দাবি জানান।
তিনি বলেন, তারা আমাকে প্রকাশ্যে মারধর করেছে, প্রাণনাশের হুমকিও দিয়েছে। এখন আমি ব্যবসা নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
