সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে বিরোধে মারামারিতে এক ব্যক্তি নিহত, স্বামী-স্ত্রী আটক

 


আব্দুল জলিল, সাতক্ষীরা :সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের আঘাতে আব্দুল মান্নান (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান (৭৫) ওই গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় হাফিজুল ইসলাম ও আব্দুল মান্নানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। সম্প্রতি আদালতের নির্দেশে প্রশাসন আনুষ্ঠানিকভাবে ঢাকঢোল পিটিয়ে হাফিজুল ইসলাম (৫৫) কে ৭৯ শতক জমির দখল বুঝিয়ে দেয়। বুধবার সকালে সেই জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে পুনরায় বিরোধ দেখা দেয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আব্দুল মান্নান (৭৫) আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানা পুলিশ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী মানসুরা (৪৮)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের বোন রাশিদা খাতুন বলেন, হাফিজুল একস্থানের জমি বোনদের কাছ থেকে কিনে ভিন্ন স্থানের জমি রেকর্ড করে নেওয়ায় তা বিরোধ ছিলো। বুধবার সেখানে বাশেঁর খুঁটি পোতাকে কেন্দ্র করে মারামারি বাধে। এসময় হাফিজুল গংদের আঘাতে আব্দুল মান্নান মারা যান। একই ঘটনায় আব্দুল মান্নানের ভাগ্নে ইকরামুল (৪০) আহত হন।

কলারোয়া থানার এসআই নাসির জানান, জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় মারামারিতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন বলে অভিযোগ পেয়েছি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বাপ্পি কুমার দাস জানান, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন