নিজস্ব প্রতিবেদক (টাঙ্গাইল) :
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের একটি যৌনপল্লি থেকে তাকে আটক করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে এবং যুবলীগের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় শহরের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে গুলি চালানো হয়। এতে কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরবর্তীতে লাল মিয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া শাহ জনি এই মামলার ৪১ নম্বর আসামি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্কিত একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হয়নি।
