সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং জেলায় কর্মরত সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল কে ঝিনাইদহ জেলার বর্তমান চিত্র ও বাস্তবতা সম্পর্কে অবহিত করেন। নবাগত পুলিশ সুপার সকলের মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে শোনেন এবং এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভা শেষে সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
