ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ১ লক্ষ ৩৩ হাজার ভোট পেয়ে নির্বাচিত হলেন মুশফিকুর রহমান

মুশফিকুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৪)


মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সাবেক সচিব মুশফিকুর রহমান বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে ১ শ ৩০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮ শ ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আতাউর রহমান সরকার (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট। এতে ৫১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন মুশফিকুর রহমান।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, কসবা উপজেলার ৮৫টি কেন্দ্র থেকে মুশফিকুর রহমান পেয়েছেন ৮৭ হাজার ৫ শ ৬৯ ভোট। একই উপজেলায় তার প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান সরকার পেয়েছেন ৫৮ হাজার ৩৫৪ ভোট।

অন্যদিকে আখাউড়া উপজেলার ৪৫টি কেন্দ্রের ফলাফলে মুশফিকুর রহমান পেয়েছেন ৪৬ হাজার ২ শ ৪৭ ভোট। সেখানে আতাউর রহমান সরকার পেয়েছেন ২৪ হাজার ১ শ ২৬ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪ শ ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭০১ জন, নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭ শ ৫৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

আখাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৪ শ ৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৯ শ ৪৯ জন, নারী ভোটার ৬৬ হাজার ৪ শ ৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

এ প্রতিবেদক দৈনিক নবঅভিযানের সহকারী সম্পাদক ও ডেইলী নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) এর সাথে এক সাক্ষাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সব কেন্দ্রের ফলাফল একত্র করে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন