মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকায় পাস্তা ক্লাব নামে একটি রেস্টুরেন্টে ওভেন বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধসহ মোট ৮ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওয়ারী র্যাঙ্কিং স্ট্রিট লেন এলাকার বাটা শোরুমের পাশের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টটিতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গ্যাস লাইন থেকে ছড়িয়ে পড়া আগুনে রেস্টুরেন্টের ভেতরে থাকা ওভেনে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহতরা হলেন, জসিম (২৮), কামরুল (৩২), মোস্তফা (২৭), শাহ আলম (৩০), ইউসুফ (২১), মেহেদী (৩০), আবির (২৪) ও সৌরভ (২৫)। এদের মধ্যে দুইজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন থেকে ছড়িয়ে পড়া আগুনে ওভেন বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে অগ্নিকা-ের সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।
প্রত্যক্ষদর্শী ইউসুফ শেখ জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজন ও পথচারীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বেশ কয়েকজন ৬ আহত ও ২ জন দগ্ধ হওয়ায় তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে কামরুল এবং জসিমকে ভর্তি করা হয়েছে। কামরুলের শরীরের ৮ শতাংশ এবং জসিমের শরীরের তিন শতাংশ দগ্ধ হয়েছে।
