যশোর নওয়াপাড়ায় আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা



মনির হোসেন (বেনাপোল প্রতিনিধি)

যশোরের নওয়াপাড়া বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত দুইটার দিকে বাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর শরিফুল ইসলাম জানান, রাত দুইটার দিকে কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার স্বার্থে পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নজরুল জানান, তার শোরুমে ১০ থেকে ১৫ লাখ টাকার ফার্নিচার ছিল, যা আগুনে পুড়ে গেছে। চায়ের দোকানদার মো. বাদল বলেন, তার দোকানে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেক ব্যবসায়ী ইমরান হোসেন জানান, কাঠপট্টি এলাকার ১২টি দোকান পুরোপুরি পুড়ে গেছে।

পুড়ে যাওয়া দোকানগুলোতে সেগুনসহ বিভিন্ন ধরনের সাইজ করা কাঠ ও তৈরি আসবাবপত্র মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাদের মতে, ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকারও বেশি হতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন