বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসের ফজিলত, বরকত ও রহমতের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে আত্মসংযম ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এই মাসে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা এবং জীবনের করণীয়-বর্জনীয় বিষয়ে সচেতন হওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, সমাজ ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা অনুসরণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমীর মো. রেজাউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মতিউর রহমান, ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে ধর্মীয় আলোচনা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন