সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আউশিয়া গ্রামে জমি ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত সামসুল আলমের সম্পত্তির ওপর দিয়ে রাস্তা নির্মাণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে তা ধস্তাধস্তি ও মারামারিতে রূপ নেয়।
এ সময় আউশিয়া গ্রামের মৃত আব্দুল মতলেব শেখের ছেলে ইমরান শেখ প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানা যায়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের আঘাতে মৃত খয়বার খাঁর ছেলে দিলবার খাঁ গুরুতরভাবে আহত হন। অভিযোগ রয়েছে, তাকে প্লাস্টিকের চেয়ার ও কাঠের বেঞ্চ দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা জানান, গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়রা সতর্ক অবস্থানে রয়েছেন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
