মুফতিজুল করিম কিরন : ঢাকার প্রধান নদী বন্দর সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে অন্তত দুজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নদীগর্ভে তলিয়ে নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
সদরঘাট থেকে আমাদের প্রতিনিধি মুফতিজুল করিম কিরন জানান, আজ বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঘাটে যাত্রী তোলার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে বুড়িগঙ্গা নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ৫টার দিকে ‘আসা যাওয়া-৫’ নামক একটি লঞ্চে ছোট ট্রলারের মাধ্যমে যাত্রী তোলার কাজ চলছিল। ঠিক তখনই ‘জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আসা যাওয়া-৫ লঞ্চটিকে জোরালো ধাক্কা দেয়। দুই লঞ্চের মাঝখানে পড়ে ট্রলারে থাকা যাত্রীরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সদরঘাট ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নৌ থানা-পুলিশ উদ্ধার কাজে নামে। ঘটনার পরপরই আহত এক নারী যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
