সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল থেকে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। এরই অংশ হিসেবে একটি সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন লক্ষ্মীকান্দর এলাকায় নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি পিকআপ গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ঢালার ভেতর থেকে উদ্ধার করা হয় প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা। ঘটনাস্থল থেকেই পিকআপের চালক মোঃ অহিদুল ইসলাম (৩৪) এবং সহযোগী মোঃ আরিফুল লস্কার (২৫) কে আটক করা হয়। তারা উভয়েই ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বাসিন্দা।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে পিকআপে করে মাদক পরিবহন করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য স্বীকার করেছে বলেও জানা যায়।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। পরে আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
