চট্টগ্রামে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩


নিজস্ব প্রতিবেদক

 চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। জানা যায়, উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম শাকপুরা এলাকায় গত ১৮ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ মাঈনুল হোসাইন আজাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমি নিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এ নিয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (দক্ষিণ), চট্টগ্রাম আদালতে মিছ মামলা নং-১১৭/২০২৬ ইং, ধারা - ফৌঃ কাঃ বিঃ ১৪৫/১৪৭ দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। আদালত থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকলেও বিবাদীপক্ষ তা অমান্য করে ঘটনাস্থলে রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, নির্মাণকাজে বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা, দা ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। এতে তিনি, তার স্ত্রী তাকিয়া আক্তার, বড় ভাই মোঃ শাহাদাত হোসেনের স্ত্রী জান্নাতুল মাওয়া এবং আরও একজন আহত হন। আহতদের মধ্যে শাহাদাত হোসেন গুরুতর জখম হন; তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। 

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় একটি স্মার্টফোন (OPPO A94) ছিনিয়ে নেওয়া হলেও পরবর্তীতে থানার মাধ্যমে তা উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া একটি মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৬ হাজার টাকার ক্ষতি করা হয়।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয়। পরে আহতদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

মাঈনুল হোসাইন আজাদ আরও জানান, গত ১৭ মার্চ ২০২৬ তারিখে আদালত থেকে একটি নোটিশ দেওয়া হয়, যেখানে চলাচলের রাস্তা অক্ষুণ্ণ রেখে নিজ মালিকানাধীন জমিতে কাজ করার অনুমতি ছিল। তবে প্রতিপক্ষ সেই রাস্তা বন্ধ করে জোরপূর্বক নির্মাণকাজ চালানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখেও প্রতিপক্ষ তাদের প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় ৫ মার্চ ২০২৬ তারিখে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৪১) করা হয় এবং পরবর্তীতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন— মোঃ ইসমাইল (৫০), মোঃ মানিক (৩২), মোঃ হাশেম (৬০), ইকবাল হোসেন (৪৫), মোঃ খালেক (২৮), রাশেদা বেগম (৪৫), ইউসুফ আলী (৬০), জান্নাত (৫৫), মোছাঃ জান্নাত (৪০) ও রিজুয়ানা বেগম নিহা (২০)। তারা সবাই একই বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন