নাজমুল হুদা, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নীলফামারীর সৈয়দপুরে ২ টাকায় ইফতার বিক্রি করা ৩৩ জন ক্ষুদ্র ও ফুটপাতের ব্যবসায়ীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রমজান মাসজুড়ে সাধারণ মানুষের কথা ভেবে কম দামে ইফতার সামগ্রী বিক্রি করায় তাদের এই সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে শহরের ইকু হেরিটেজ হোটেলে এক আয়োজনের মাধ্যমে ‘আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন’ এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সংবর্ধিতদের হাতে ক্রেস্ট ও জায়নামাজ তুলে দেওয়া হয় এবং আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এম আর আলম ঝন্টুসহ অন্যান্য অতিথিরা।
সংবর্ধিত ব্যবসায়ীরা জানান, স্বল্প আয়ের মানুষদের কথা চিন্তা করে তারা ইচ্ছাকৃতভাবে কম দামে ইফতার বিক্রি করেছেন। অনেক ক্ষেত্রে লোকসান হলেও রমজানের ইবাদতের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছেন তারা। জীবনে প্রথমবারের মতো এমন স্বীকৃতি পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু বলেন, এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা সমাজের জন্য অনুকরণীয়। তাদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।
প্রধান অতিথি সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী হয়েও তারা যে উদারতার পরিচয় দিয়েছেন, তা বড় ব্যবসায়ীদের জন্যও শিক্ষা হতে পারে। এ ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়া প্রয়োজন।
উল্লেখ্য, সৈয়দপুরে রমজান মাসে যেখানে ইফতার সামগ্রী সাধারণত ৫ টাকায় বিক্রি হয়, সেখানে এসব ব্যবসায়ী তা ২ থেকে ৩ টাকায় বিক্রি করেছেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ইফতার গ্রহণ সহজ হয়েছে।
এদিকে, একই অনুষ্ঠানে রমজানজুড়ে বিনামূল্যে ইফতার ও সেহরি বিতরণে অবদান রাখায় কয়েকটি সামাজিক সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়।
