নাজমুল হুদা, সৈয়দপুর (প্রতিনিধি) নীলফামারী : নীলফামারী জেলার সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ে ট্রাকের চাপায় প্লাবন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্লাবন হোসেন উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড় এলাকার বাসিন্দা এবং স্থানীয় ওষুধ ব্যবসায়ী ইয়াসিন আলীর একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাবন মোটরসাইকেল নিয়ে ওয়াপদা মোড় অতিক্রম করে বাইপাস সড়ক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
