সাতক্ষীরায় তরুণী গৃহবধূ কারিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার


সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কাশিপুর গ্রামে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কারিনা দাস (২৩) সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের থ্রি-হুইলার চালক সঞ্জয় দাসের বড় মেয়ে।

এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তালা উপজেলার কাশিপুর গ্রামের সুজিত দাসের সঙ্গে কারিনা দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হতো তাকে বলে অভিযোগ পরিবারের। কারিনার বাবা সঞ্জয় দাস জানান, তার জামাতা সুজিত টিউশনি করলেও স্থায়ী কোনো আয় ছিল না। এ কারণে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে সুজিত ও তার মা কারিনার ওপর চাপ সৃষ্টি করতেন এবং তাকে নানাভাবে কষ্ট দিতেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার ভোররাতে হঠাৎ শ্বশুরবাড়ি থেকে কারিনার মৃত্যুর খবর পান তারা। পরে জানতে পারেন, কাশিপুর গ্রামের বাড়ি থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। খবর পেয়ে স্বজনদের মধ্যে নেমে আসে শোক ও হতবাক নীরবতা।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ -ওসি লুৎফুল কবির জানান, কারিনার শ্বশুরবাড়ি থেকে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন