সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. আব্দুল মজিদ।
ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ সমিতির সাধারণ সদস্য, আজীবন সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় শুরুতে বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে সমিতির সদস্যরা ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের বিভিন্ন সমস্যা, সেবার মান উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংকট নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
