ফুলবাড়ীতে তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন


আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই মেলা ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সংগঠক মো. রুহোল আমিন, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ও সংগঠক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সংগঠক মো. আজিজুল হক সরকার, একই কলেজের গ্রন্থাগার প্রভাষক ও সহ-সংগঠক মো. এন্তেখাব আলম রিপন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. কবীর সরকার, সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আমিনুল ইসলামসহ আরও অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভ্রাম্যমাণ বইমেলায় প্রায় ১৫০টি প্রকাশনার ১০ হাজারের বেশি বই প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলার শেষ দিন, ৩০ এপ্রিল, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।

মেলার প্রথম দিনেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা আগ্রহভরে ঘুরে দেখার পাশাপাশি পছন্দের বই সংগ্রহ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন