উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ডোবার পানিতে মিলল নারীর ভাসমান মৃতদেহ


শাহীন শাহ, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ডোবার পানিতে ভাসমান অবস্থায় রোহিঙ্গা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উখিয়া উপজেলার ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এস-৪/বি-৭ ব্লক সংলগ্ন ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান।

মৃত উদ্ধার মোরাজান (২৯) উখিয়া উপজেলার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকের হাশিম উল্লাহর স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

স্থানীয়দের বরাতে মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এস-৪/বি-৭ সংলগ্ন ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় পানিতে ভাসমান অবস্থায় রোহিঙ্গা এক নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়। 

মৃত উদ্ধার নারীর শরীরে আঘাতের কোন ধরণের চিহ্ন নেই। 

ওসি জানান, ওই নারী নিছক দুর্ঘটনায় নাকি কেউ হত্যার পর লাশ  ডোবার পানিতে ফেলে দিয়েছে - তা নিশ্চিত হতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. মুজিবুর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন