সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় কোনো অবহেলা সহ্য করা হবে না : হুইপ দুলু


আব্দুল মজিদ, নাটোর : রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার (১০মে) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী, স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, শিশু ও নারী ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ সরবরাহ ও পরিচ্ছন্নতার বিষয় খোঁজখবর নেন। এসময় রোগীদের কাছ থেকে সরাসরি সেবার মান সম্পর্কে মতামতও শোনেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় হুইপ দুলু চিকিৎসক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে যথাযথ ও মানবিক চিকিৎসাসেবা পায়, সেটি নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতি সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছেন। তাই হাসপাতালের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে মানুষের আস্থা অর্জনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

এসময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথাও শোনেন এবং প্রয়োজনীয় উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন